
জি,এম,ফিরোজ,ডুমুরিয়া:-খুলনার ডুমুরিয়ায় বিএনপি নেতা শেখ আব্দুস সালামের ছেলে তরিকুল হত্যা মামলায় গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে। এবার মামলার অন্যতম আসামি বায়তুল শেখকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে পাবনার হেমায়েতপুরে তার শ্বশুরবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় নতুন করে গ্রেপ্তার দুই আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর আত্মগোপনে চলে যায় বায়তুল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে মামলায় আগে গ্রেপ্তার সজল ও রাতুলও চার দিনের রিমান্ডে রয়েছে। নতুন করে গ্রেপ্তার বায়তুল ও আরিফুল সরদারকে আদালতে হাজির করা হলে তাদেরও চার দিনের রিমান্ড মঞ্জুর হয়।তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ইয়াবা ও মাদককেন্দ্রিক বিরোধ থেকেই তরিকুল হত্যার পরিকল্পনা করা হয়েছিল। হত্যাকাণ্ডের আগে বন্ধুর বাসায় বসে পরিকল্পনার অভিযোগও উঠেছে। রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদে হত্যার নেপথ্যের বিভিন্ন তথ্য সামনে আসছে বলে জানিয়েছে পুলিশ।উল্লেখ্য, গত ৫ নভেম্বর বাড়ির অদূরে দুর্বৃত্তদের হামলায় নিহত হন তরিকুল। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই অসীম বিশ্বাস। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।চার আসামির রিমান্ডে জিজ্ঞাসাবাদে তরিকুল হত্যার পরিকল্পনা ও জড়িতদের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছে তদন্তসংশ্লিষ্টরা।
