
নিজস্ব প্রতিবেদক, খুলনা | ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ২টা ২৬ মিনিট।খুলনার দৌলতপুরে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন মাদক কারবারি ও অস্ত্রধারীদের সঙ্গে এসআরবি সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে এসআরবি-৬।সোমবার (১৬ নভেম্বর) রাত ২টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা রোড সংলগ্ন কেডিএ মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় অজ্ঞাতনামা মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীরা এসআরবি সদস্যদের প্রতিরোধের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সদস্যরা তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন। একপর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়।পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন আভিযানিক দলের সদস্যরা।উদ্ধারকৃত অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগর পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে।এসআরবি-৬ জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
