
মোঃ শফিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি। জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে অধিবাস সানা এবং সম্পাদক পদে প্রজাপতি প্রতীকে বিদ্যুৎ কুমার ঘোষ নির্বাচিত হয়েছেন।সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সমিতির ২৮১ জন ভোটারের মধ্যে ২৭০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে অধিবাস সানা ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রণজিৎ কুমার মণ্ডল চেয়ার প্রতীকে পেয়েছেন ৬৪ ভোট।অন্যদিকে সম্পাদক পদে বিদ্যুৎ কুমার ঘোষ ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এস এম নজরুল ইসলাম মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৩ ভোট।সমিতির পাঁচটি সদস্য পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে মোরগ প্রতীকে ২১১ ভোট পেয়ে সুকৃতি কুমার সরদার, ডাব প্রতীকে ২০৫ ভোট পেয়ে শ্যামল কান্তি বৈরাগী, হাতি প্রতীকে ১৮৩ ভোট পেয়ে প্রশান্ত রায়, মই প্রতীকে ১৭৭ ভোট পেয়ে নির্মল কুমার মণ্ডল এবং দেয়ালঘড়ি প্রতীকে ১৭২ ভোট পেয়ে পরিতোষ কুমার মণ্ডল নির্বাচিত হয়েছেন।এ ছাড়া সহসভাপতি পদে প্রজিৎ কুমার মণ্ডল এবং কোষাধ্যক্ষ পদে সুশান্ত সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।সমিতির মোট নয়টি পদের মধ্যে সভাপতি, সম্পাদক ও পাঁচটি সদস্য পদসহ সাতটি পদের বিপরীতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি দুটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন একই দপ্তরের সহকারী প্রশিক্ষক এম এ বারিক হোসেন এবং সমিতির কোষাধ্যক্ষ দেবব্রত কুমার দেবু।নির্বাচন শেষে উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও নির্বাচন সম্পন্ন হয়েছে।প্রেরক মোঃ শফিয়ার রহমান ০১৭১২-৩৩৩১৯৫
