
সাব্বির আহমেদ, মাদারীপুর জেলা প্রতিনিধি।। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মাদারীপুরের বিভিন্ন পশুর হাটে জমে উঠেছে কেনাবেচা। জেলার অন্যতম বৃহৎ সদর উপজেলার হবিগঞ্জ পশুর হাটে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ পছন্দমতো পশু কিনে নিয়ে যাচ্ছেন কোরবানির জন্য।হাটে ছোট-বড় নানা জাতের গরুর মধ্যে কুষ্টিয়ার কুমারখালীর খামারি মিরাজ খাঁর ১৮ মণ ওজনের একটি হোলস্টিন ফ্রিজিয়ান গরু বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। চার বছর ধরে লালন-পালন করা গরুটির দাম চাওয়া হচ্ছে আট লাখ টাকা। ইতোমধ্যে সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত দর উঠেছে।রাজাবাবু, রাজকুমার, মহব্বত, নবাব ও শাহাজাদা নামের বাহারি গরু দেখতে ভিড় করছেন দর্শনার্থীরাও। ছোট পিকআপে করে খামার থেকে পশু এনে হাটে তোলা হচ্ছে। ক্রেতারা বলছেন, এবার পশুর দাম সাধ্যের মধ্যে থাকায় তারা সন্তুষ্ট।হাট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেতা-বিক্রেতাদের জন্য থাকা-খাওয়াসহ প্রয়োজনীয় সব ধরনের সুবিধা রাখা হয়েছে। জেলা প্রাণিসম্পদ অধিদফতর জানিয়েছে, জেলায় ৬৬ হাজার ৮৮০ পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে ৭২ হাজার ৪৯৫টি পশু। পশুর হাট তদারকিতে ১৮টি মেডিক্যাল টিম কাজ করছে।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, জাল টাকা কারবারি ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে সাদা পোশাকে পুলিশ কাজ করছে। পাশাপাশি আঞ্চলিক সড়ক ও মহাসড়কে টহল জোরদার করা হয়েছে, যাতে বিক্রেতারা নিরাপদে পশু বিক্রির অর্থ নিয়ে বাড়ি ফিরতে পারেন।
