
সাব্বির আহমেদ,স্টাফ রিপোর্টার মাদারীপুর:
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। মঙ্গলবার(১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের সঙ্গে একযোগে মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার। পরে উপস্থিত অতিথিরা ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমি সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে সরকার কাজ করছে। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সেবা পেতে পারেন, সে লক্ষ্যেই ভূমি ব্যবস্থাপনাকে অটোমেশনের আওতায় আনা হয়েছে।উদ্বোধনের আগে সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী মিয়া ও জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।তিন দিনব্যাপী এ মেলায় অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, স্মার্ট খতিয়ান সংগ্রহ, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সেবা এবং ভূমি বিষয়ক হেল্পলাইন ১৬১২২ সম্পর্কে তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি নাগরিকদের বিভিন্ন প্রশ্নের তাৎক্ষণিক সমাধানও দেওয়া হচ্ছে।এদিকে একই দিনে মাদারীপুরের কালকিনি উপজেলাতেও ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সকালে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা শেষে মেলার কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম, উপজেলা সাব-রেজিস্ট্রার মো. আহসানুল হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।১৯ মে থেকে ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
