
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় একটি বহুতল ভবনের ছয় তলা থেকে শুক্লা সিং (২৪) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুরো এলাকায় নেমে আসে শোক ও চাঞ্চল্যের ছায়া।বুধবার রাতের কোনো এক সময়ে ভবনের একটি ফ্ল্যাট থেকে অস্বাভাবিক পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে সেখান থেকে উদ্ধার করা হয় তরুণী শুক্লা সিংয়ের মরদেহ। তাৎক্ষণিকভাবে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে।জানা গেছে, শুক্লা সিং শহরের পরিচিত প্রতিষ্ঠান ‘মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতাল’-এর রিসিপশন (অভ্যর্থনা) বিভাগে কর্মরত ছিলেন। কর্মজীবনের ব্যস্ততার মাঝেই তিনি মুসলিম কোয়ার্টারের ওই বহুতল ভবনের একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে এটি নিছক আত্মহত্যা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য—সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মাঝে। ইতোমধ্যে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় সহকর্মী, প্রতিবেশী ও পরিচিতদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘটনাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
