
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে এগারো দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার ৭নং আটজুড়ী ইউনিয়নের ভান্ডারখোলা ফুটবল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী সমর্থিত জোটের প্রার্থী অধ্যক্ষ খান মশিউর রহমান।
বক্তব্যে অধ্যক্ষ মশিউর রহমান খান বলেন, “এ নির্বাচন কোনো নির্দিষ্ট দলের বিজয়ের জন্য নয়, কোনো নির্দিষ্ট মার্কার বিজয়ের জন্যও নয়। আগামীর নির্বাচনে বিজয় হবে বাংলাদেশের ১৮ কোটি মানুষের।” তিনি অতীতের এমপি-মন্ত্রীদের প্রসঙ্গ টেনে বলেন, “যারা খায়, তারা কখনো খাওয়াতে পারে না। জামায়াতে ইসলামী এমন একটি দল, যারা খেতে নয়, খাওয়াতে ভালোবাসে।”
উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আল্লাহ যদি আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দেন, তবে আমার কাছে কারো যেতে হবে না। বরং সপ্তাহে দুই দিন এমপি আপনাদের বাড়িতে মেহমান হয়ে যাবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সরদার। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্লাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস বাগেরহাট জেলা সহ-সভাপতি মাওলানা মুফতি ইব্রাহিম কামাল, এনসিপির মোল্লাহাট উপজেলা প্রধান সমন্বয়ক কে এম ফয়সাল আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আনিসুর রহমান এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আরিফুল ইসলাম শিহাব প্রমুখ।
বক্তারা কোরআন ও সুন্নাহভিত্তিক রাষ্ট্র গঠন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
