
নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।পিএসসির সূত্রে জানা গেছে, লিখিত (এমসিকিউ) পরীক্ষা গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুধুমাত্র ঢাকা মহানগরে একক কেন্দ্রে নেওয়া হয়। এই পরীক্ষায় আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থী, যাদের মধ্যে ৫৬ শতাংশ পরীক্ষায় অংশ নেন।পিএসসি জানায়, সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফল কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটক ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) দেখা যাবে। প্রয়োজনে কমিশন ফল সংশোধনের অধিকার সংরক্ষণ করে।লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে ৬৫৩টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এছাড়া সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে (৬১টি), এরপর রাষ্ট্রবিজ্ঞান (৫৫টি), ইংরেজি (৫০টি), অর্থনীতি (৪০টি), দর্শন (৩০টি), রসায়ন (৩০টি) এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টি শূন্যপদে।
