
নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে বিমানবন্দরের দুই কর্মী নিহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।দুর্ঘটনাকবলিত এমিরেটসের ফ্লাইট ইকেএ ৯৭৮৮ পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এ সি টি। স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে দুবাই থেকে হংকং পৌঁছানো প্লেনটি উত্তর দিকের রানওয়েতে নামার সময় একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খায় এবং সাগরে পড়ে যায়।হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগের বরাতে জানা গেছে, দুর্ঘটনায় সাগরে পড়ে যাওয়া দুই গ্রাউন্ড স্টাফকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তারা মারা যান। অন্যদিকে প্লেনে থাকা চার ক্রু সদস্য জীবিত আছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন।দুর্ঘটনার পর সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ করে দেওয়া হলেও বিমানবন্দরের অন্য দুটি রানওয়ে চালু রয়েছে। এ ঘটনায় স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলন করবে বিমানবন্দর কর্তৃপক্ষ।মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, উদ্ধার অভিযানে হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার ও ফায়ার সার্ভিসের জাহাজ অংশ নেয়। দুর্ঘটনার কারণে সোমবার অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে।উল্লেখ্য, হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বিরল, কারণ এটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তার ভালো রেকর্ড ধরে রেখেছে।
