
নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এখনো ধোঁয়া উড়ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নির্বাপণ হয়নি। কেমিক্যালের আগুন জটিল হওয়ায় সময় নিয়ে কাজ করা হচ্ছে।বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া রাইজিং ফ্যাশন কারখানার সামনে ভিড় করেছেন অসংখ্য শ্রমিক। কেউ এসেছেন ক্ষয়ক্ষতি দেখতে, কেউ জানতে কারখানা আবার চালু হবে কি না।ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান সিরাজ বলেন, “আগুন নিয়ন্ত্রণে আছে, তবে এখনো নির্বাপণ হয়নি। কেমিক্যালের আগুন দ্রুত নেভাতে গেলে বিস্ফোরণের ঝুঁকি থাকে।”শ্রমিকদের অভিযোগ, কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। ভবনের ছাদের দুটি দরজা তালাবদ্ধ থাকায় অনেকে বের হতে পারেননি। শ্রমিকরা বলেন, “যদি তালা খোলা থাকত, কেউ মারা যেত না।”কারখানার শ্রমিক তরিকুল ইসলাম বলেন, “আমি বেঁচে গেছি ভাগ্যক্রমে। কিন্তু আমার সহকর্মীরা আগুনে পুড়ে মারা গেছেন। মালিকের অবহেলাই এই মৃত্যুর জন্য দায়ী।”আগের দিন মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন,“অনুমোদনহীন কেমিক্যাল গোডাউন গড়ে উঠলে প্রশাসন ও স্থানীয়দের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে নিয়ম মেনে কেমিক্যাল মজুত করতে হবে।”ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে শিয়ালবাড়িতে আগুনের খবর আসে। বেলা ১১টা ৫৬ মিনিটে প্রথম পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়।পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুনে আটকে পড়া ১৬ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। নিচতলায় আগুনের তীব্রতা এবং ছাদের দরজা তালাবদ্ধ থাকায় তারা বের হতে পারেননি।
