
জি,এম,ফিরোজ, ডুমুরিয়া:-খুলনার ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক যেন মুহূর্তেই পরিণত হলো মৃত্যুফাঁদে! বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গোলনা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে স্বপন কুমার রায় (৪৭) ও সুবল সরকারের মেয়ে হান্না সরকার (৪৪)। আহত তরুণীর নাম তমা রাহা।স্থানীয় সূত্রে জানা যায়, খুলনাগামী বগুড়া-জ-১১-০০৩৮ নম্বরের বাসের সঙ্গে সাতক্ষীরাগামী হ-১৮-২৫০৩ নম্বরের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হান্না সরকারকে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।দুর্ঘটনার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তমা রাহাকেও বাসটি ধাক্কা দিলে তিনি আহত হন। আকস্মিক এ দুর্ঘটনায় মহাসড়কজুড়ে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
