
ডেস্ক :
ইউক্রেন যুদ্ধ এবং বাল্টিক অঞ্চলে ড্রোন তৎপরতাকে কেন্দ্র করে ইউরোপীয় ন্যাটো সদস্যদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মাঝেই বেলারুশের ফিল্ড ফ্যাসিলিটিগুলোতে পরমাণু অস্ত্র পাঠিয়েছে রাশিয়া। একই সঙ্গে দেশটি তাদের কৌশলগত পারমাণবিক বাহিনীর সক্ষমতাও প্রদর্শন করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পারমাণবিক বাহিনীর মহড়ার অংশ হিসেবে বেলারুশের ক্ষেপণাস্ত্র ব্রিগেডের অবস্থান এলাকার ফিল্ড স্টোরেজ সুবিধাগুলোতে এই পরমাণু গোলাবারুদ পৌঁছে দেওয়া হয়। বেলারুশের একটি ক্ষেপণাস্ত্র ইউনিট মোবাইল ইস্কান্দার-এম ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য এসব বিশেষ গোলাবারুদ গ্রহণ এবং সেগুলো উৎক্ষেপণযানে লোড করার প্রশিক্ষণ নিচ্ছে।মস্কো বিগত কয়েক বছরের মধ্যে তাদের অন্যতম বৃহত্তম এই পারমাণবিক মহড়া পরিচালনা করছে। ‘আগ্রাসনের মুখে পারমাণবিক শক্তি প্রস্তুতি ও ব্যবহার’বিষয়ক এই ড্রিল বা মহড়ায় প্রায় ৬৪ হাজার কর্মী অংশ নিয়েছেন। তিন দিনব্যাপী এই মহড়ায় রাশিয়া বোরি-ক্লাসের পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন, ইল-৩৮ সাবমেরিন-বিধ্বংসী বিমান, কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত মিগ-৩১ এবং আরএস-২৪ ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। রাশিয়ার এই কৌশলগত ক্ষেপণাস্ত্র মহড়ায় নর্দার্ন ও প্যাসিফিক ফ্লিট, দূরপাল্লার বিমানবাহিনী এবং লেনিনগ্রাদ ও সেন্ট্রাল সামরিক জেলার ইউনিটগুলো যুক্ত রয়েছে।এদিকে বাল্টিক দেশগুলোর বিরুদ্ধে মস্কো অভিযোগ এনেছে যে, তারা ইউক্রেনকে রাশিয়ার উত্তরাঞ্চলে হামলার জন্য তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছে। তবে ন্যাটো এই অভিযোগ অস্বীকার করেছে।
