
খুলনার সময়ের খবর ডেস্ক :
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ব্যালট পেপার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে খুলনার বিভিন্ন উপজেলা ও নির্বাচনী এলাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত প্রক্রিয়ায় ব্যালট পেপার সংগ্রহ করেন। এ সময় পুরো কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন বিদেশি নির্বাচন পরিদর্শক দল।
পরিদর্শক দলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং শ্রীলংকা থেকে আগত নির্বাচন পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। তারা ব্যালট পেপার সংরক্ষণ, বিতরণ পদ্ধতি, নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক সমন্বয় কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা জোরদার, ব্যালট পেপার পরিবহন ও সংরক্ষণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
বিদেশি পর্যবেক্ষক দল খুলনায় নির্বাচন প্রস্তুতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন এবং স্বচ্ছ নির্বাচন আয়োজনে প্রশাসনের কার্যক্রমকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
