
খুলনার সময়ের খবর ডেস্ক :
যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকায় মাটি খননের সময় ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনায় দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বুধবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত পিলার ১৭/৭-এস এর ১১৮ আর পিলার হতে আনুমানিক ৮.৫ কিলোমিটার এবং পুটখালী বিওপি হতে প্রায় ৭কিলোমিটার পশ্চিমে বালুন্ডা গ্রামের মালেশিয়া প্রবাসী জাকির হোসেন (৪৫), পিতা গণী ঢালী এর বাড়িতে টয়লেট নির্মাণের জন্য মাটি খননকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজন শ্রমিক গুরুতর আহত হন। আহতরা হলেন, মোঃ আব্দুল কাদের (৩৫), পিতা মৃত নুর জাক সরদার এবং মোঃ জাকির হোসেন (৪০), পিতা মোঃ আব্দুল বারিক সরদার। উভয়ের বাড়ি বালুন্ডা গ্রাম, ডাকঘর পুটখালী, থানা শার্শা, জেলা যশোর।স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের ভাষ্যমতে, তাদের অবস্থা গুরুতর। খবর পেয়ে ঘটনাস্থলে শার্শা থানার পুলিশ এবং বেনাপোল বেইজ ক্যাম্পের বিজিবি টহল দল উপস্থিত হয়ে এলাকা নিরাপত্তার আওতায় নেয়। বিস্ফোরণের উৎস ও প্রকৃতি জানতে পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত বিস্ফোরক উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
