
সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
চাঁপাইনবাবগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিসি-১ এর পৃথক দুইটি অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। নভেম্তের রাতে বিভিন্ন সময়ে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন ও ভাগ্যবানপুর এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। এসময় মোট ৬৭০ গ্রাম গাঁজা ও ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদকবিরোধী অভিযানকে অগ্রাধিকার দিয়ে আসছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে মহারাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুবাগান এলাকায় জনৈক আকবর আলীর বাড়ির পূর্ব পাশে পরিত্যক্ত জমিতে অভিযান চালানো হয়। এসময় মাদক কারবারী মোঃ শাহিন (৩৮) এবং কবির (২৭) দুজনকে ৩৮০ গ্রাম গাঁজা ও ৫৬ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে রাত ১০টা ৩০ মিনিটে আরেকটি অভিযান পরিচালিত হয় সদর উপজেলার ভাগ্যবানপুর গাইনপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন আমবাগানে। সেখানে লুকিয়ে মাদক বেচাকেনার প্রস্তুতি নেওয়ার সময় মোঃ মমিন আলী (৪২) ও মোঃ আবু হায়াত (৬২) কে ২৯০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে র্যাব-৫ এর অপর একটি দল। গ্রেফতারকৃত চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব-৫ জানিয়েছে। র্যাব আরও জানায়, নিরবচ্ছিন্ন মাদকবিরোধী অভিযানের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সহ রাজশাহী অঞ্চলে মাদক চক্রের বিস্তার রোধে কাজ অব্যাহত থাকবে।
