
স্টাফ রিপোর্টার :
যশোরের চৌগাছায় অবৈধভাবে কপোতাক্ষ নদের পাড়সহ মাটি কেটে নেওয়ার অপরাধে ৪ ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে কপোতাক্ষ নদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান। দণ্ডিতরা হলেন- চৌগাছার ইছাপুর গ্রামের জুয়েল রানা (৩৫), পুড়াপাড়া গ্রামের আবু বক্কর (১৯), রামকৃষ্ণপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকী (১৯) ও আন্দুলিয়া গ্রামের জুয়েল হোসেন (১৯)।সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান জানান, পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামতপুর গ্রামে কপোতাক্ষ নদের পাড়ের মাটি চুরি করে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কপোতাক্ষ নদের মাটি খনন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারায় চারজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাটি বহনকারী ৩টি ট্রলি ও মাটি কাটার ভেকু জব্দ করা হয়। জব্দকৃত মালামাল স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলামের হেফাজতে দেওয়া হয়েছে।এর আগে গতকাল বুধবার উপজেলার দিঘলসিংহা এলাকায় কপোতাক্ষ নদের পাড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আজমির রহমান নামে একজনকে মাটি কেটে নেওয়ার অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
