
সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় র্যাব-৫ এর বিশেষ অভিযানে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৯৯০ গ্রাম গাঁজা, ১১ পিস ইয়াবা, ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন, ৩টি সিম ও নগদ ১৫ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়। অভিযানে এক নারীসহ আরও একজন পলাতক রয়েছে।র্যাব জানায়, ২২ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সদর কোম্পানির একটি দল দাশপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত অবস্থায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ইসমাইল হোসেন সবুজ (২৯), মোঃ অন্ত (৩১), মোঃ শাহজাহান (৩০), মোঃ আরাফাত (১৯), মোঃ ফিরোজ ইসলাম (২৬) ও মোঃ লিটন (৩০)। এছাড়া অভিযানের সময় পলাতক রয়েছে মোছাঃ পিংকি বেগম।র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয়দের অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে দাশপুকুর এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি মাদক চক্র সক্রিয় রয়েছে। তারা শহরের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে খুচরা ও পাইকারি হিসেবে বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃতরা নিজেরাও মাদক সেবন করে বলে জানিয়েছে র্যাব।র্যাব আরও জানায়, মাদক ব্যবসা দমনে র্যাব প্রতিষ্ঠার পর থেকেই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
