
নিজস্ব প্রতিবেদক:
খুলনার তেরখাদা উপজেলায় ঘেরের দখল ও ব্যবস্থাপনা নিয়ে বিরোধের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে।থানা সূত্র ও জিডি থেকে জানা যায়, উপজেলার এগার আমতলা এলাকার বাসিন্দা দীপঙ্কর বালা (৩৮) অভিযোগ করেন, তার কাকা বিশংকর বালার লিজকৃত ঘেরের মেয়াদ শেষ হলেও সেটির দখল নিয়ে বিরোধ সৃষ্টি হয়।জিডিতে তিনি উল্লেখ করেন, বিবাদীরা হলেন— মৃন্ময় ধর (৩৫), চিন্ময় ধর (৪০) এবং চিত্ত ধর (৬৫)। তারা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।অভিযোগ অনুযায়ী, গত ২ জুন ২০২৬ তারিখ বিকেলে দীপঙ্কর বালা ঘের এলাকায় গেলে বিবাদীদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ঘের ছাড়তে অস্বীকৃতি জানায় এবং পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে বলে তিনি জিডিতে উল্লেখ করেন। পরে তিনি নিজের নিরাপত্তা ও ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে তেরখাদা থানায় সাধারণ ডায়েরি করেন।এ ঘটনায় তিনি আইনগত সুরক্ষা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল্লাহ বলেন, “ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি অব্যাহত রয়েছে।
