
স্টাফ রিপোর্টার:
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশ করতে গিয়ে হুমকি ও চাপের মুখে পড়েছেন তরুণ সংবাদকর্মী মোঃ ইব্রাহিম হাওলাদার। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, মাদক, প্রতারণা ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশ করে আসছেন। তবে সম্প্রতি এক শ্রেণির কথিত হাইব্রিড নেতা, দাল চক্র ও প্রভাবশালী মহলের কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে।জানা যায়, মোঃ ইব্রাহিম হাওলাদার পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ৬নং দৈহারী ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় একটি পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নানা সমস্যা, প্রশাসনিক অনিয়ম এবং সমাজবিরোধী কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে আসছেন।সাংবাদিক ইব্রাহিম হাওলাদার অভিযোগ করে বলেন,“আমি সবসময় সত্য তুলে ধরার চেষ্টা করেছি। কোনো অন্যায়, দুর্নীতি বা অপরাধের তথ্য পেলে সেটি জনগণের সামনে প্রকাশ করাই আমার দায়িত্ব। কিন্তু সত্য প্রকাশের কারণেই এখন বিভিন্ন মহল থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে।”তিনি আরও বলেন,“আমি কখনো কোনো হাইব্রিড নেতা বা দাল চক্রের সঙ্গে আপস করিনি। সত্য ও ন্যায়ের পথে থাকায় আমাকে বারবার ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হচ্ছে। তারপরও আমি থেমে থাকবো না।”স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় এলাকায় সংঘটিত অনিয়ম ও অপরাধ নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই কিছু অসাধু ব্যক্তি তার বিরুদ্ধে অপপ্রচার ও ভয়ভীতি প্রদর্শন শুরু করে। এমনকি তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করারও চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।এদিকে সাংবাদিক ইব্রাহিম হাওলাদার দাবি করেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাশিত সহযোগিতা তিনি পাচ্ছেন না। তিনি বলেন,“একজন সংবাদকর্মী যদি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়াও কঠিন হয়ে যায়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের নৈতিক দায়িত্ব।”স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল জানান, মোঃ ইব্রাহিম হাওলাদার একজন সাহসী ও দায়িত্বশীল সংবাদকর্মী। তিনি দীর্ঘদিন ধরে নেছারাবাদ ও আশপাশের এলাকায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য জনগণের সামনে তুলে ধরছেন। তার মতো একজন সাংবাদিককে হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয় ঘটনা বলে তারা মন্তব্য করেন।তারা আরও বলেন,“একজন সাংবাদিককে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা মানে সংবাদমাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”সাংবাদিক মোঃ ইব্রাহিম হাওলাদার দৃঢ় কণ্ঠে বলেন,“হুমকি-ধমকি দিয়ে আমাকে থামানো যাবে না। আমি সত্য ও ন্যায়ের পক্ষে কাজ চালিয়ে যাব। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও বিষয়টি তুলে ধরবো।”তিনি আরও জানান, সমাজ থেকে মাদক, ইভটিজিং, দুর্নীতি ও সকল ধরনের অপরাধ নির্মূলে তার লেখনী ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
