
ডেস্ক রিপোর্ট :
দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে ‘ন্যাশনাল তরিকত পার্টি (এনটিপি)’ প্রতিটি জেলা ও মহানগরে সংগঠন বিস্তারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় আহ্বায়ক কমিটি গঠন শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় সংগঠনকে সুসংগঠিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ মে ২০২৬ তারিখের মধ্যে কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। পাশাপাশি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত একটি শক্তিশালী ও সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কাজ চলমান রয়েছে।দলটির চেয়ারম্যান শাহ সুফি জাহাঙ্গীর আলম চিশতী এবং মহাসচিব এস এম রশিদুল ইসলাম এক যৌথ বার্তায় তরিকতপ্রেমী ভাই ও বোনদের সংগঠনে যুক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, “দেশের প্রতিটি জেলা, উপজেলা ও মহানগরে আদর্শভিত্তিক সংগঠন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”নেতৃবৃন্দ আরও বলেন, সংগঠনটির উদ্দেশ্য হলো সৃষ্টিকর্তার নির্দেশিত পথে চলা এবং ওলি-আউলিয়াদের মানবিক আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। তারা মনে করেন, এই আদর্শ মানুষের মধ্যে সহমর্মিতা, ভালোবাসা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করবে।এছাড়া ধর্মীয় সম্প্রীতি রক্ষা, সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শন, মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার কথা জানানো হয়। একইসাথে শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, নারী উন্নয়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন পরিকল্পনাও সংগঠনটির লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।সংগঠনটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, প্রতিটি জেলায় সংগঠন বিস্তারের মাধ্যমে একটি মানবিক, নৈতিক ও ইতিবাচক সমাজ গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন সম্ভব হবে।
