
ডেস্ক রিপোর্ট: ঢাকা জেলায় প্রথমবারের মতো একজন নারীকে পুলিশ সুপার (এসপি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন। তিনি খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ রকিবুল ইসলাম-এর স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে পুলিশ অধিদপ্তরে দায়িত্ব পালন করছিলেন। একই আদেশে বর্তমান পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার পৃথক দুই প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ছয়জন পুলিশ সুপার (এসপি) এবং ছয়জন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তা। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন দু’টিতে স্বাক্ষর করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরে কর্মরত শামীমা পারভীনকে ঢাকা জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে ঢাকা জেলার বর্তমান এসপি মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি করা হয়েছে।শামীমা পারভীন নড়াইল জেলার বাসিন্দা। ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি। বাংলাদেশ পুলিশ এ্যাসোসিয়েশনের ১ নম্বর যুগ্ম-সম্পাদকের পদে ছিলেন তিনি।২২টি দেশের নারী পুলিশ সদস্যদের সমন্বয়ক হিসেবে দায়িত্বে থাকা শামীমা পারভীন আন্তর্জাতিক নারী পুলিশ এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর নির্বাচিত হয়েছিলেন।ফ্যাসিস্ট সরকারের আমলে তাঁকে পুলিশের কম গুরুত্বপূর্ণ ইউনিটে পদায়ন করে রাখা হয়েছিল। জানা গেছে, এসপি শামীমা পারভীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেত্রী এবং কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে ছিলেন।শামীমা পারভীন জাবি বিসিএস অফিসার্স ফোরামের ২০২৫-২৬ কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে শামীমা পারভীনের নেতৃত্বে ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বার্থে এ বদলির আদেশ দেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।এর আগে গত ২২ এপ্রিল ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে প্রথমবারের মতো একজন নারী, ফরিদা খানমকে নিয়োগ দেওয়া হয়। তার পরপরই পুলিশ সুপার পদেও একজন নারীকে দায়িত্ব দেওয়ায় প্রশাসনের গুরুত্বপূর্ণ দুই পদে নারীর উপস্থিতি নিশ্চিত হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি সরকারের নারী অগ্রযাত্রা ও ক্ষমতায়নের ধারাবাহিকতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।এদিকে বাগেরহাটের এসপি মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের এসপি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (এসপি পদমর্যাদা) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের এসপি হিসেবে বদলি করা হয়েছে।
