
নিজস্ব প্রতিনিধি :স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সঙ্গে করা নির্বাচন পূর্ব অঙ্গীকার পূরণ করবার পথে চলছে। আল্লাহতালার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা আমাদের কথা রেখেছি। ফ্যামিলি কার্ড হচ্ছে শক্তি। এই কার্ডটা আপনাকে সেই ক্ষমতা দেবে যে ক্ষমতা দিয়ে আপনারা সবার সামনে দাঁড়াতে পারবেন। শুধুমাত্র আর্থিক ও অন্যান্য সুযোগ পাবেন তা না, আপনি এ দেশের একজন নারী হিসেবে, পরিবারের প্রধান হিসেবে আপনার অবস্থান থেকে দৃঢ় থাকতে পারবেন। পুরুষেরা অনেক সময় মা-বোনদের বুঝতেই চায় না। যখনই কার্ড আর অর্থ আসবে, তখনই বুঝতে শুরু করবে। এটাই হলো আমাদের চেয়ারম্যান সাহেবের মূল লক্ষ্য।তিনি বলেন, সারাদেশের মধ্যেই মাত্র ১৪টি ইউনিয়নে আমরা প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যকর্ম শুরু করেছি। তবে মা-বোনেরা সবাই ফ্যামিলি কার্ড পাবেন। এমনকি জেলা প্রশাসক (ডিসি) তিনিও পাবেন যেহেতু তিনি নারী। এই কার্ড প্রত্যেক ঘরে ঘরে যাবে শুধুমাত্র সময়ের ব্যাপার।
