মোঃমামুন হোসেন, আশুলিয়া প্রতিনিধিঃ-ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাজ চলমান থাকলেও থেমে নেই প্রকল্পের আওতাধীন সরকারি জমি ও সড়কের মাটি বিক্রির অভিযোগ। প্রকল্পের বিভিন্ন পর্যায়ে ব্যয় ও বাজেট বৃদ্ধি পেলেও একশ্রেণির অসাধু চক্রের বিরুদ্ধে সরকারি প্রকল্পের মাটি বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগ উঠেছে। ড্রাম ট্রাকে করে এসব মাটি সরিয়ে নেওয়া হচ্ছে ধামরাইয়ের বিভিন্ন ইটভাটাসহ আশুলিয়ার একাধিক বেসরকারি প্রকল্পে। এতে সরকারি সম্পদ রক্ষার পাশাপাশি প্রকল্পের স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।স্থানীয় সূত্র ও সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, শিল্পাঞ্চল আশুলিয়ার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের আওতাধীন হাইওয়ে সড়কের বিভিন্ন অংশের মাটি ট্রাকযোগে সরিয়ে নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, এসব মাটি বিনামূল্যে নয়, বরং নির্দিষ্ট টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের মধ্যে রয়েছে ধামরাইয়ের বিভিন্ন ইটভাটা এবং আশুলিয়ার বিভিন্ন বেসরকারি উন্নয়ন প্রকল্প।অভিযোগের তালিকায় আশুলিয়ার ‘আলোকিত বাংলাদেশ’ নামের একটি বেসরকারি প্রকল্পের কথাও উঠে এসেছে। সেখানে নিয়মিত ড্রাম ট্রাকে করে এক্সপ্রেসওয়ে প্রকল্পের মাটি সরবরাহ করা হচ্ছে বলে স্থানীয়দের দাবি।সরেজমিনে আশুলিয়ার ইপিজেড এলাকায় গিয়ে ড্রাম ট্রাকের মাধ্যমে প্রকল্পের মাটি ওই প্রকল্পে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, টাকার বিনিময়ে এসব মাটি সরবরাহের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।অনুসন্ধানে মাটি পরিবহন ও সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে মেসার্স আমেনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আওলাদ হোসেন এবং জাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহিদ সরকারের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজে ড্রাম ট্রাক সরবরাহ ও পরিবহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটি অংশই মাটি সরিয়ে বিক্রির সঙ্গে জড়িত।এদিকে স্থানীয় সূত্রের দাবি, এই মাটি বাণিজ্যের পেছনে প্রভাবশালী রাজনৈতিক মহলের কয়েকজন ব্যক্তিরও সংশ্লিষ্টতা রয়েছে। তাঁদের প্রভাবের কারণে সরকারি প্রকল্পের মাটি সরিয়ে নেওয়ার কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।অন্যদিকে, এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতাধীন হাইওয়ে সড়কের মাটি ধামরাইয়ের বিভিন্ন ইটভাটায় বিক্রি ও সরবরাহ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এ কার্যক্রমের সঙ্গে জাহিদ সরকার নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার কথা শোনা যাচ্ছে। প্রতিদিন কী পরিমাণ মাটি সরানো হচ্ছে, কত টাকায় বিক্রি হচ্ছে এবং প্রকল্পের অনুমতি নিয়ে এসব মাটি সরানো হচ্ছে কি না—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।এ বিষয়ে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, সরকারি মাটি সরিয়ে নেওয়ার বিষয়টি তাঁদের জানা রয়েছে। তবে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ও ঊর্ধ্বতন মহলের চাপের কারণে অনেক ক্ষেত্রে এসব কার্যক্রম বন্ধ করা সম্ভব হচ্ছে না বলে তাঁরা দাবি করেন।এ বিষয়ে প্রকল্প পরিচালক (পিডি) শফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রশ্ন উঠেছে, একটি গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো প্রকল্পের মাটি কীভাবে ব্যক্তিমালিকানাধীন প্রকল্প কিংবা ইটভাটায় বিক্রি হচ্ছে? প্রকল্পের মাটি সরানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কি না, থাকলে সেই অনুমোদনের শর্ত কী এবং সরকারি সম্পদ বিক্রির অর্থ কোন খাতে জমা হচ্ছে—এসব বিষয় খতিয়ে দেখা জরুরি।বিশেষজ্ঞদের মতে, সরকারি উন্নয়ন প্রকল্পের মাটি সরানো বা অন্যত্র ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদন থাকা প্রয়োজন। অনুমোদন ছাড়া প্রকল্পের সম্পদ বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।এলাকাবাসীর দাবি, অবিলম্বে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মাটি সরানো ও বিক্রির অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন করতে হবে। পাশাপাশি মাটি পরিবহনে ব্যবহৃত ড্রাম ট্রাক, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং মাটি ক্রয়কারী প্রকল্প ও ইটভাটাগুলোর ভূমিকা খতিয়ে দেখতে হবে।সরকারি উন্নয়ন প্রকল্পের সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রকল্প কর্তৃপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের কার্যকর নজরদারি এখন সময়ের দাবি। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।