আবিদুর রহমান আলিফ:-দেশব্যাপী চলমান অস্থিতিশীলতা, নাশকতা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য আমীর এজাজ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক এমডি খায়রুল ইসলাম জনি, বর্তমান সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আবারও চোরাগোপ্তা হামলা ও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, দাকোপ ও বটিয়াঘাটার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কোথাও কোনো নাশকতা বা সন্দেহজনক তৎপরতার খবর পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। তবে সতর্কতার নামে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন এবং কোনো উসকানিতে পা না দেন, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীল থাকতে হবে।