নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালীতে সিমেন্টবাহী একটি কভার্ডভ্যানের ধাক্কায় মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে উল্টে গেছে। এতে বাসের ৭-৮ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খুটাখালী স্টেশনসংলগ্ন তমিজিয়া মাদরাসার দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি কভার্ডভ্যানের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা মারছা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। বাসটিতে ৩৫-৩৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তাঁদের মধ্যে ৭-৮ জন কমবেশি আহত হন।খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও কভার্ডভ্যান উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।