নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-ঈদগাঁও উপজেলার জালালাবাদে অবৈধ করাত কল পরিচালনা,বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইনের বিধান লঙ্ঘন দায়ে পৃথক অভিযানে চার ব্যক্তিকে ৪ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৮ নভেম্বর) ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযান উপজেলার জালালাবাদ ইউনিয়নের পোকখালী ব্রিজ সংলগ্ন এলাকায় লাইসেন্স বিহীন অবৈধ করাতকল পরিচালনার দায়ে মুফিজ উদ্দিন ও শামসুল আলম নামের দুই ব্যক্তিকে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।এসময় করাতকলে সংরক্ষিত গোল কাঠ ও চালু অবস্থায় থাকা দুটি মেশিন জব্দ করেন সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তারা। জব্দ করা মালামাল বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঈদগাঁওয়ের ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়।জালালাবাদের অবস্থিত একটি ইটভাটা মালিক ও ম্যানেজার শামসুদ্দিন ও সালামত উল্লাহকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেক কে ২ লাখ টাকা করে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ জরিমানার অর্থও তাৎক্ষণিক আদায় করা হয়েছে।অভিযানে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত), পুলিশ সদস্য, আনসার সদস্য এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্যরা সহযোগিতা করেন। ঈদগাঁওর পরিবেশ সংরক্ষণ, জনস্বার্থ রক্ষা এবং অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।