জি,এম,ফিরোজ,ডুমুরিয়া:-খুলনায় আবারও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। নগরীর আড়ংঘাটা বাজার কেন্দ্রীয় মসজিদের পাশে দুর্বৃত্তের গুলিতে ঘের ব্যবসায়ী সোলেমান (৫৫) ও ভ্যানচালক আব্দুল খালেক (৬৫) গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শলুয়া এলাকায় ঘের ব্যবসা করেন সোলেমান। দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে মাথায় গুলি ছোড়ে। তিনি দ্রুত মাথা সরিয়ে নিলে গুলি তাঁর গলার পাশ দিয়ে লাগে। এ সময় পাশে থাকা ভ্যানচালক আব্দুল খালেকের হাতেও গুলি লাগে। এতে তিনি গুরুতর আহত হন।ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এসআই সোহাগ গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গুলির ঘটনা ঘটেছে। বিস্তারিত জানতে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।তবে কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।