**নিজস্ব প্রতিনিধি, খুলনা :-খুলনার রূপসায় মাদকবিরোধী যৌথ অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনকে আটক করেছে এসআরবি-৬। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটে খুলনা জেলার রূপসা থানার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের জাবুসা গ্রামসংলগ্ন এলাকায় এসআরবি-৬ সদর কোম্পানির একটি টহল দল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হুসাইন রাজুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।আটক ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলার ফকিরহাট থানার ছোট খাজুরা গ্রামের মোঃ ওহিদ শেখের ছেলে মোঃ হোসাইন শেখ এবং মোঃ নজরুল শেখের ছেলে তামিম শেখ।অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘন করে গাঁজা সেবনের অপরাধে তাদের আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন।এসআরবি-৬ জানিয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।