নিজস্ব প্রতিনুধী,জি,এম,ফিরোজ, ডুমুরিয়া:- প্রায় ৩-৪ কিলোমিটার ঐতিহ্যবসহী সড়কের দুই পাশে সারি সারি নারিকেল গাছ একসময় নৌকাই ছিলো উওর ডুমুরিয়া বাসীর ভরসা আজ ইতিহাসের সাক্ষী গাছগুলোর অনেকগুলোই উধাও একসময় উত্তর ডুমুরিয়ার মানুষের কাছে থুকড়া থেকে সাজিয়াড়া যাওয়ার পথ মানেই ছিল দীর্ঘ নদীপথ, মাঝির নৌকা আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। যোগাযোগব্যবস্থার দুর্ভোগ ছিল নিত্যদিনের সঙ্গী। সেই বিচ্ছিন্ন জনপদে সড়ক নির্মাণের স্বপ্ন দেখেছিলেন স্থানীয় মানুষ। নানা বাধা, প্রতিকূলতা ও দীর্ঘ প্রচেষ্টার পর বাস্তবায়িত হয় সেই স্বপ্ন। সৃষ্টি হয় ডুমুরিয়ার ইতিহাসে যোগাযোগব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অধ্যায়—‘গফফার সড়ক’।ডুমুরিয়া উপজেলার মধ্য দিয়ে বিস্তৃত প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার দীর্ঘ এই ঐতিহ্যবাহী সড়কের দুই পাশে একসময় সারি সারি নারিকেল গাছ ছিল অন্যতম আকর্ষণ। সবুজের সমারোহে ঘেরা সড়কটি শুধু যোগাযোগের পথ নয়, ছিল এলাকার সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক। কিন্তু সময়ের ব্যবধানে সেই গাছের অনেকগুলো মারা গেছে, আবার কিছু গাছ কেটে নেওয়ার অভিযোগও উঠেছে। যে সড়ক একসময় অসম্ভবকে সম্ভব করার ইতিহাস গড়েছিল, সেই সড়কের ঐতিহ্য ও নারিকেল গাছের বর্তমান অবস্থা নিয়ে এখন নানা প্রশ্ন।স্থানীয়দের ভাষ্য, তৎকালীন জাতীয় পার্টির শাসনামলে ডুমুরিয়ার কৃতী সন্তান লে. কর্নেল (অব.) এইচ এম এ গফফার, বীর উত্তমের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় সড়কটি বাস্তবায়নের পথ সুগম হয়। ১৯৮৫ সালে তিনি ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। উত্তর ডুমুরিয়ার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল থুকড়া থেকে সাজিয়াড়া পর্যন্ত একটি সরাসরি সড়ক নির্মাণ। সেই দাবিকে সামনে রেখেই স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও সাধারণ মানুষ একজোট হন।থুকড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক বিএম নিজামুদ্দিন এ প্রতিনিধির কাছে গফফার সড়কের নির্মাণ ইতিহাস তুলে ধরেন। তিনি জানান, একসময় থুকড়া থেকে সাজিয়াড়া হয়ে ডুমুরিয়া উপজেলায় যেতে নদীপথে নৌকার ওপর নির্ভর করতে হতো। উত্তর ডুমুরিয়ার সাধারণ মানুষ, চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য এ যাতায়াত ছিল অত্যন্ত কষ্টকর। সময়ের কোনো নিশ্চয়তা ছিল না; মাঝির নৌকা চালানোর গতি ও নদীর পরিস্থিতির ওপর নির্ভর করত যাত্রা।সড়ক নির্মাণের দাবিতে থুকড়া এলাকায় এগিয়ে আসেন বিএম নিজামুদ্দিন, ইউপি সদস্য হুমায়ুন কবির লিলি, ফুটবলার শেখ নওশের আলী, গাজী হাসান আলী, স.ম. ওহিদুল ইসলাম, ইউপি সদস্য নিরঞ্জন মণ্ডল, গাজী ইমান আলী, কৃষ্ণপদ মণ্ডলসহ অনেকে। অন্যদিকে সাজিয়াড়া থেকে যুক্ত হন সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, গাজী গহর, ইউপি সদস্য সিরাজ, ইউপি সদস্য আতিয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৮৫ সালে গম ও চালের বিনিময়ে মাটির কাজের মাধ্যমে সড়ক নির্মাণ শুরু হয়। ১৯৮৬ সালে কাজ শেষ হয়। পরবর্তী সময়ে সড়কটির নামকরণ ও ফলক উদ্বোধনের সঙ্গেও বিএম নিজামুদ্দিনের সম্পৃক্ততার কথা জানিয়েছেন স্থানীয়রা।এ সড়কের নামকরণের পেছনে রয়েছেন ডুমুরিয়ার কৃতী সন্তান এইচ এম এ গফফার। তিনি জাতীয় পার্টির শাসনামলে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব এবং ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বলে উল্লেখ পাওয়া যায়। তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক অবস্থানকে কাজে লাগিয়ে উত্তর ডুমুরিয়ার যোগাযোগব্যবস্থার উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল বলে স্থানীয়দের দাবি।তবে গফফার সড়কের ইতিহাস শুধু রাস্তা নির্মাণেই সীমাবদ্ধ নয়। স্থানীয়দের দাবি, প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার দীর্ঘ এ সড়কের দুই পাশে সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তৎকালীন সময়ে প্রায় দেড় হাজারের বেশি নারিকেলের চারা রোপণ করা হয়েছিল। একসময় সারিবদ্ধ নারিকেল গাছগুলো দূর থেকে সড়কটির আলাদা পরিচিতি তুলে ধরত। পথের দুই পাশের সবুজ ছায়া আর সারি সারি নারিকেল গাছ হয়ে উঠেছিল এলাকার গর্ব। কিন্তু সময়ের ব্যবধানে অনেক গাছ মারা গেছে, আবার কিছু গাছ কেটে নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।ফলে স্থানীয়দের প্রশ্ন—দীর্ঘ এই সড়কের দুই পাশে একসময় রোপণ করা দেড় হাজারের বেশি নারিকেল গাছের মধ্যে বর্তমানে কতটি টিকে আছে? গাছগুলো মারা গেল কেন, আর কেটে নেওয়ার অভিযোগের সত্যতা কী? এসব গাছ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ দারুল হুদার সঙ্গে কথা হলে তিনি জানান, গফফার সড়ক সম্পর্কে তাঁর কাছে উল্লেখযোগ্য তথ্য নেই। এমনকি সড়কের পাশে কতটি নারিকেল গাছ রয়েছে, সে বিষয়েও তিনি অবগত নন।একটি ঐতিহাসিক সড়কের পাশে রোপণ করা দেড় হাজারের বেশি নারিকেল গাছের বর্তমান হিসাব সংশ্লিষ্ট দপ্তরের কাছে না থাকা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সড়কটির নির্মাণ ইতিহাস সংরক্ষণ, অবশিষ্ট গাছের তালিকা তৈরি, কাটা গাছের অভিযোগ তদন্ত এবং প্রয়োজনীয় স্থানে নতুন চারা রোপণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।নৌপথের দুর্ভোগ থেকে মুক্তি দিতে যে সড়ক নির্মাণে একসময় সাধারণ মানুষ নিজেদের শ্রম, সময় ও সামর্থ্য নিয়ে এগিয়ে এসেছিলেন, সেই সড়ক আজ শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটি উত্তর ডুমুরিয়ার মানুষের সংগ্রাম, ঐক্য ও উন্নয়নের ইতিহাস। প্রায় ৩-৪ কিলোমিটার দীর্ঘ গফফার সড়কের দুই পাশের সারি সারি নারিকেল গাছও সেই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। প্রশ্ন হলো, এই ঐতিহ্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ কোথায়? গফফার সড়কের অতীত যেমন সংরক্ষণ করা জরুরি, তেমনি এর সবুজ সৌন্দর্য ও ভবিষ্যৎ রক্ষার দায়িত্বও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।