পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি যশোরের কেশবপুরে হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজে অভিভাবক সমাবেশ, বৃত্তি প্রদান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটির ফলাফল বিপর্যয়ের পর শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানটি বিরতিহীনভাবে বিকেল ২টা ৩০ মিনিটের পর শেষ হয়।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমেদ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, কলেজের গভর্নিং বডির সভাপতি নিজাম উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ মুনছুর আলী, শিক্ষক নারায়ণ কুমার দত্ত ও জিন্নাতুল ফেরদৌস।অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন, মোহাম্মদ নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শামীমা শিমু ও মোস্তাক আহমেদ প্রমূখ।।বক্তারা কলেজের সাম্প্রতিক এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শ্রেণিকক্ষে উপস্থিতি, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা এবং প্রতিষ্ঠানের শিক্ষার মান বাড়াতে শিক্ষক-অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার আহ্বান জানান।অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ বৃদ্ধি এবং আগামী দিনে কলেজের ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।১১/১১/২৬