খানজাহান আলী থানা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ১১ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় পূবালী ব্যাংক পিএলসি, মিরেরডাঙ্গা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।এ সময় উপস্থিত ছিলেন কুয়েটের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. কাজী হামিদুল বারী, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান, বৃক্ষ উন্নয়ন কমিটির সভাপতি ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ মোঃ কামাল উদ্দিন, ইআইএএ পরিচালক ইঞ্জিনিয়ার ড. মোঃ জুলফিকার হোসেন এবং বৃক্ষ উন্নয়ন কমিটির সদস্য-সচিব মীর রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির খুলনা অঞ্চল প্রধান শেখ মো. শামসুদ্দোহা, ফুলবাড়ীগেট শাখা প্রধান ও এজিএম চন্দ্র শেখর রায়, খালিশপুর শাখা প্রধান ও এজিএম মুকুল চন্দ্র দাস এবং দৌলতপুর শাখা প্রধান মোঃ আসাদুজ্জামান। এ ছাড়া পূবালী ব্যাংক পিএলসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিতে পূবালী ব্যাংক পিএলসি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপণের উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় কুয়েট ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।আয়োজকদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগ শুধু ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতেই ভূমিকা রাখবে না, বরং পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও ইতিবাচক অবদান রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যা বিষয়ে সচেতনতা সৃষ্টিতেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।