জি,এম,ফিরোজ, ডুমুরিয়া। ব্যাংকে টাকা তুলতে বা জমা দিতে গিয়েও কি নিরাপদ নন গ্রাহকরা? এবার খুলনার ডুমুরিয়া সোনালী ব্যাংকের ভেতরে ব্যাগ কেটে দুই লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। মাত্র কয়েক মিনিটের কৌশলে দলিল লেখক তুহিনের ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে উধাও হয়েছে চোরচক্র। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় তিন সন্দেহভাজনকে শনাক্ত করা গেছে বলে ভুক্তভোগীর দাবি।জানা গেছে, খুলনা সদরের দলিল লেখক তুহিন ডুমুরিয়া সোনালী ব্যাংকে অবস্থানকালে দুর্বৃত্তরা কৌশলে তাঁর ব্যাগ কেটে দুই লাখ টাকা নিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তিনি হতবাক হয়ে পড়েন। পরে ব্যাংকের সিসিটিভি ফুটেজে তিনজন সন্দেহভাজনের উপস্থিতি শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।ঘটনার পর ভুক্তভোগী দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের পরিচয় শনাক্ত, চুরি হওয়া টাকা উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।প্রশ্ন উঠেছে, ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত স্থানে কীভাবে এমন চুরির ঘটনা ঘটল? ব্যাংকের ভেতরে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ব্যবস্থা কতটা কার্যকর—তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজনদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দুই লাখ টাকা উদ্ধারে কার্যকর তদন্তের অপেক্ষায় রয়েছেন তিনি।