নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-বৈধতা না থাকায় কক্সবাজারের ঈদগাঁওতে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার নামের একটি ক্লিনিককে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহষ্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ঈদগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুরাতন ছাগল বাজার এলাকায় মো: মনজুর আলমের ভবনের ২য় তলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিম্নমানের চিকিৎসাসেবা দিয়ে আসছিল এ হাসপাতাল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানকালে উক্ত ক্লিনিকে কোন ব্যাক্তিকে পাওয়া যায়নি। অবৈধভাবে পরিচালিত ক্লিনিকে গর্ভবতী মহিলাদের চেক আপ করার সরঞ্জাম, ডেলিভারি করার সরঞ্জাম এবং অক্সিজেন সিলিন্ডার তাৎক্ষণিক জব্দসহ এবং উক্ত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।এছাড়াও ঈদগাঁও বাজারের ফরাজি অটো রাইস মিলে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার না করায় ঐ প্রতিষ্টানকে তিন হাজার টাকা অর্থদন্ড করা হয়। অভিযানে উপজেলার ইউইচএফপিও তার টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন এবং জব্দকৃত সরঞ্জামাদী স্বাস্থ্য কমপ্লেক্সের জিম্মায় বুঝিয়ে দেয়া হয়। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, ঈদগাঁও থানা পুলিশ, আনসার সদস্য ও গ্রামপুলিশ সদস্যদের একটি চৌকস টিম অভিযানে অংশ নেন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, নানা অনিয়মের কারনে এবং অবৈধ কার্যকলাপের সত্যতা পাওয়ায় ক্লিনিকে গর্ভবতী মহিলাদের চেক আপ করার সরঞ্জাম, ডেলিভারি করার সরঞ্জাম এবং অক্সিজেন সিলিন্ডার জব্দসহ এবং উক্ত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।