জি এম ফিরোজ, ডুমুরিয়া:- সুন্দরবনের কথিত জলদস্যুর বাড়িতে গভীর রাতে পুলিশের অভিযান! খুলনার ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে মো. মামুদুল হাসানকে আটক করা হয়েছে। তবে অভিযুক্ত আব্দুর রহমান শেখকে বাড়িতে পাওয়া যায়নি।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানা পুলিশের একটি বিশেষ দল আব্দুর রহমান শেখের বসতবাড়িতে অভিযান চালায়। তল্লাশির একপর্যায়ে বাড়ির উঠানে নবনির্মিত পাকা বাথরুমের একটি কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি পাইপগান উদ্ধার করা হয়।আব্দুর রহমান শেখের বিরুদ্ধে সুন্দরবনে জলদস্যুতাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় ১২ নং রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম জানান, রহমান সুন্দরবনের একটি দস্যু বাহিনীর সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।তবে রহমানের পরিবারের দাবি, প্রায় দুই মাস আগে তিনি (রহমান) বাগেরহাটে আত্মসমর্পণ করে বর্তমানে কারাগারে রয়েছেন। রহমানের ছোট ভাইয়ের স্ত্রী লামিয়া খাতুন বলেন, তাঁর স্বামী মামুদুল হাসান দীর্ঘদিন ধরে টাইলসের কাজ করেন। অস্ত্রের বিষয়ে তাঁরা কিছু জানেন না।ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) প্রকাশ ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাইপগানটি উদ্ধার করা হয়েছে। মামুদুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এবং তার ব্যবহৃত মোবাইল ফোন যাচাইয়ের জন্য জব্দ করা হয়েছে। তদন্ত শেষে তাঁর সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি; রাতেই মামলা হওয়ার প্রক্রিয়া চলছিল বলে তিনি জানান।