নিজস্ব প্রতিবেদক খুলনা খুলনার রূপসা উপজেলায় আঠারো বাকী নদী সংলগ্ন একটি কলাবাগানের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের চর মোছাব্বরপুর গ্রামের একটি কলাবাগানের উত্তর দিক থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত করেছে। নিহতরা হলেন—রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং একই উপজেলার সিংহের চর এলাকার রেজাউল করিম।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নদীর তীরবর্তী কলাবাগানের পাশে দুই যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে রূপসা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি উদ্ধার করে।ঘটনাস্থল থেকে রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম জানান, দুপুরের দিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং দুজনের লাশ উদ্ধার করেন। হত্যাকাণ্ডের নেপথ্য কারণ অনুসন্ধানের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘কী কারণে বা কোন শত্রুতার জেরে এই জোড়া হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের বিরুদ্ধে আগে থেকে কোনো মামলা ছিল কি না অথবা তারা কোনো অপরাধী বা সন্ত্রাসী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে।’তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।