অনুপম মল্লিক, আড়ংঘাটা প্রতিনিধি, খুলনা:-খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আলোচনায় উঠে এসেছে সমাজসেবক ও বিএনপি নেতা আব্দুর রব রাব্বি খানের নাম।দলের দুঃসময়ে পাশে থাকা, নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তিনি এলাকায় পরিচিতি অর্জন করেছেন। তাঁর বিনয়ী আচরণ, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও সাংগঠনিক তৎপরতা দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।এ প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আব্দুর রব রাব্বি খান বলেন, “বিএনপির প্রতি আমার আস্থা ও ভালোবাসা রয়েছে। দল আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিলে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনকল্যাণে আমি নিরলসভাবে কাজ করে যাব।”তিনি আরও জানান, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। দলের প্রতি আনুগত্য, জনসম্পৃক্ততা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি আগামী দিনের পথচলায় সবার সমর্থন ও দোয়া প্রত্যাশা করছেন।