নিজস্ব প্রতিনিধী:- খুলনার সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া এলাকায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়া রকিবুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রবিবার (২৫ অক্টোবর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় বসুপাড়া বকুলতলা শতরূপার মোড়ে ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাড়ির মালিক মজলিস খান তার হাতে থাকা লাঠি দিয়ে ভাড়াটিয়ার মাথায় আঘাত করেন। এতে রকিবুল আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রবিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বাড়িভাড়া নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বাড়িওয়ালা ভাড়াটিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তিনি আরও বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খানকে আটক করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।