
নিজস্ব প্রতিনিধি :- হামিদুল হক, রামু ।
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে নদীর দুই পাশে বসতবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের পায়খানার লাইন নদীতে সংযুক্ত থাকায় দূষিত হচ্ছে নদীর পানি। এতে নদীর পানি ব্যবহারকারী এলাকার তিন শতাধিক পরিবারের জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীর উভয় পাশে বসতবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের পায়খানার বর্জ্য নদীতে মিশে পানি দূষিত হচ্ছে। অথচ এলাকার বহু পরিবার দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে এ নদীর পানি ব্যবহার করে থাকেন। ফলে দূষিত পানি ব্যবহারের কারণে পানিবাহিত রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে।
নদী শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি স্থানীয় মানুষের জীবন ও জীবিকারও অংশ। তাই নদীতে সরাসরি পয়োবর্জ্য ফেলা বন্ধ করা এবং বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।
জনস্বার্থে এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত নদীদূষণের বিষয়টি সরেজমিনে তদন্ত করে, পানির গুণগত মান পরীক্ষা করে এবং পয়োবর্জ্য নদীতে মেশা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি নদীর পানি ব্যবহারকারী পরিবারগুলোর নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা।সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে নদীর পরিবেশ ও জনস্বাস্থ্য আরও ঝুঁকির মুখে পড়তে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
