
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ এনামুল শেখ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চাকুন্দিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত এনামুল শেখ ডুমুরিয়া উপজেলার গোবিন্দকাটি গ্রামের খালেক শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে ডুমুরিয়া থানার এসআই (নিঃ) মোঃ মুরাদুল ইসলামের নেতৃত্বে একটি টিম মহাসড়কে নিয়মিত অভিযান পরিচালনা করছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এনামুল শেখকে আটক করা হয়। পরবর্তীতে তার পরিহিত প্যান্টের ডান পকেট তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিচ হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬,০০০ টাকা।উক্ত ঘটনায় ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে আরও জানা যায়, ডুমুরিয়া থানার এফআইআর নম্বর-২০, তারিখ- ১৭ অক্টোবর ২০২৬ এবং জিআর নম্বর-১৭৯ মતે মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলাটি রুজু করা হয়েছে। মামলার তদন্তভার অর্পণ করা হয়েছে এসআই (নিঃ) আল আমিন মুন্সীর ওপর। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
