শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার চালনা পৌরসভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌরসভা এলাকার ১১টি মন্দির পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. বোরহান উদ্দিন মিঠু। এসময় পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক মন্দির কমিটির কাছে ৮ হাজার ৫০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করে।শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীর সন্ধ্যা সাতটার দিকে এসব মন্দির পরিদর্শনকালে তিনি নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময় মন্দিরগুলোর নিরাপত্তাব্যবস্থা এবং পূজা উদযাপনের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।পরিদর্শনকালে পৌর প্রশাসক পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। একইসঙ্গে ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন তিনি।ইউএনও বোরহান উদ্দিন মিঠু মন্দিরগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়া পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপদে উৎসব উদযাপনের পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।পরিদর্শনে অংশ নেন চালনা পৌরসভার উপসহকারি প্রকৌশলী রতন কুমার মণ্ডল, প্রধান সহকারি ওয়াসিফ ইকবাল সোহেল ও অফিস সহায়ক মো. রুহুল আমিনসহ প্রমুখ। ##
শচীন্দ্র নাথ মন্ডল
দাকোপ খুলনা
তাং ১৭/১০/২৬