
আবিদুর রহমান আলিফ
খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলার সদরে বিভিন্ন কোম্পানির নামে ও বেনামে মাছের খাবার তৈরি করার অভিযোগে আলফা প্লাস এগ্রো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে।রোববার বিকাল ৫টা থেকে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন কোম্পানির নামে ও বেনামে তৈরি করা ২৯১ বস্তা মাছের খাবার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাছের খাবার তৈরির স্থান থেকে ছড়ানো দুর্গন্ধে স্থানীয় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এছাড়া অনুমোদন ও বৈধতা সংক্রান্ত বিষয়েও অনিয়মের অভিযোগ পাওয়া যায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন।জানা গেছে, প্রতিষ্ঠানটির মালিক আমিরুজ্জামানের কাছ থেকে ইমরান নামে এক ব্যবসায়ী তিন বছরের জন্য জায়গাটি ভাড়া নিয়ে মাছের খাবার তৈরির কার্যক্রম পরিচালনা করছিলেন।অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতান।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাছের খাবার তৈরির কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। এতে আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। অভিযানের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
