দিঘলিয়া নিজস্ব প্রতিনিধি: মোঃ মেহেদী হাসান
খুলনার দিঘলিয়ায় একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন চাদনী নামের এক প্রসূতি মা। নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নেওয়া তিন নবজাতক ও তাদের মা সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে দিঘলিয়ার পথের বাজার সার্জিকাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চাদনীকে ভর্তি করা হয়। পরে রাত ৮টা ৪০ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি প্রথম কন্যাসন্তানের জন্ম দেন। এর ১০ মিনিট পর দ্বিতীয় এবং আরও ২ মিনিট পর তৃতীয় কন্যাসন্তানের জন্ম হয়।
প্রসূতি চাদনী দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম জাহিদুল। পরিবারের আর্থিক অবস্থা অস্বচ্ছল বলে জানা গেছে। পথের বাজার সার্জিকাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার ডা. মুচতারি পারভিন বলেন, “মা ও তিনটি শিশুই সম্পূর্ণ সুস্থ রয়েছে। প্রথম সন্তান জন্মগ্রহণের ১০ মিনিট পর দ্বিতীয় সন্তান এবং তার ২ মিনিট পর তৃতীয় সন্তানের জন্ম হয়। তিনটি সন্তানই নরমাল ডেলিভারির মাধ্যমে জন্মগ্রহণ করেছে।”প্রতিষ্ঠানটির পরিচালক এস কে নুর মোহাম্মদ বলেন, “আমাদের প্রতিষ্ঠানে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্মের ঘটনা এই প্রথম। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের।”এদিকে, একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্মের খবরে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। মা ও নবজাতকদের স্বাভাবিক প্রসব করাতে সহযোগিতা করায় চিকিৎসকসহ ক্লিনিক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নবজাতকদের মা এবং স্বজনরা।
পরিবারের পক্ষ থেকে মা ও তিন নবজাতকের সুস্থতা ও মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।