নিজস্ব প্রতিনিধি আবিদুর রহমান আলিফ
সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী সন্ত্রাস দমনের জন্য ক্রসফায়ার জরুরি না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার। আমরা বেআইনি পথে যাব না, প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে। সোমবার বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক চাপিয়ে দেয়া হচ্ছে। বর্ডারের ওপারে বসে ইয়াবা চোরা কারবারিরা পরিকল্পনা করছে। ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাদক পৌঁছে দেয়া হচ্ছে। মাদক এখন আর শুধুমাত্র খুলনার সমস্যা নয়। সে কারণে সারাদেশে ডোপ টেস্টের ওপরে বেশি জোর দেয়া হচ্ছে।মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী ও খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি। বিভাগীয় কমশনার, রেঞ্জ ডিআইজি, খুলনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় খুলনার আইনশৃঙ্খলা, জননিরাপত্তাসহ সন্ত্রাস দমনের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।এর আগে সকাল ৯টায় খুলনা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। জেলা ও দায়রা জজ চান মোহাম্মদ আব্দুল আলীম আল রাজীসহ অন্যান্য বিচারকদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় মন্ত্রী মামলা দ্রুত নিষ্পত্তি করে আদালতের জট কমানোর আহ্বান জানান।