কক্সবাজার ঈদগাঁও নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে রিজার্ভ জায়গা নিয়ে বিরোধের জেরে এক পরিবহন ম্যানেজারকে এলোপাতাড়ি কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু দুর্বৃত্তের বিরুদ্ধে।বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ব্যক্তির নাম নাছির উদ্দীন। তিনি এলাকার রশিদ আহমদ কোম্পানীর ছেলে এবং স্থানীয় ‘নাপিতখালী ট্রান্সপোর্টের’ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।স্থানীয় সূত্রে জানা যায়, রিজার্ভ জায়গার মালিকানা ও দখল নিয়ে নাছির উদ্দীনের সঙ্গে প্রতিপক্ষ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় এক ব্যাক্তি ও তার সহযোগীরা নাছির উদ্দীনের ওপর আচমকা হামলা চালায় বলে অভিযোগ উঠে হামলাকারীদের কোপে নাছির উদ্দীনের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে ভর্তি করান।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এ.টি.এম শিফাতুল মাজদার জানান, "সংবাদ পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।