কয়রা (খুলনা) প্রতিনিধি:আলামিন
খুলনার কয়রায় পুলিশের এক বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার অপরাধে ৮ জন এবং পরোয়ানাভুক্ত আরও ২ জনসহ সর্বমোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়াড়িদের ব্যবহৃত ৮টি স্মার্টফোন উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনা অনুযায়ী ডি-সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আমির হামজা এবং কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ রাশেদুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। গত ৬ সেপ্টেম্বর কয়রা থানা পুলিশের একটি দল উপজেলার মদিনাবাদ ও ৫নং কয়রা এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তারকৃতদের পরিচয়:
শ্যামনগর (সাতক্ষীরা) এলাকা থেকে: চকবেড়া গ্রামের মোঃ জাহিদ হাসান শেখ (২৪) ও আশিকুজ্জামান ওরফে আকাশ সরদার (২২) এবং খলিশাবুনিয়া গ্রামের মোঃ আশিক সরদার (২০)।
কয়রা এলাকা থেকে: ৫নং কয়রার মোঃ ইব্রাহিম হোসেন (২৫), মোঃ জাকারিয়া হোসেন (২২), নুর মোহাম্মদ হাওলাদার (২৫), শ্রী বিধান মন্ডল (৩৫) এবং ৬নং কয়রার মোঃ রমজান হোসেন (২৯)।
একই অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আরও ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের রুবেল সানা (৪৫) এবং মহারাজপুর গ্রামের মোঃ আজিজুল ইসলাম (৪৮)।
এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ রাশেদুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও অনলাইন জুয়ামুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অপরাধবিরোধী কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।