আবিদুর রহমান আলিফ : বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল : সিজন-১’ অনুষ্ঠিত হয়েছে। খুলনা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (কেইউআরএস)-এর উদ্যোগে আয়োজিত এ ফেস্টিভ্যালের শেষ দিনে ৫ সেপ্টেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ফরমাল সেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ।
তিনি সম্প্রতি অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার জন্য যে সুযোগ-সুবিধা ও অনুকূল পরিবেশ রয়েছে, তা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রিসার্চ পেপার পাবলিকেশনে প্রণোদনা দেওয়া হচ্ছে। শিক্ষাজীবনেই একটি ভালো গবেষণাপত্র প্রকাশ করতে পারলে তা শুধু একাডেমিক সক্ষমতার পরিচয় বহন করবে না, ভবিষ্যতে আন্তর্জাতিক স্কলারশিপ অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপাচার্য বর্তমান সরকারের শিক্ষা ও গবেষণার উন্নয়নে মডার্ন রিসার্চ ফ্যাসিলিটি, কো-অর্ডিনেটেড রিসার্চ ফান্ডিং, স্মার্ট ক্লাসরুম, স্মার্ট ক্যাম্পাস ও ডিজিটাল রিসার্চ ইনফ্রাস্ট্রাকচারের মতো নানা উদ্যোগের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।
বিশেষ অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালযের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, কেইউআরএস-এর উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম ও সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ ইয়াছিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি চয়ন বক্সী।
দ্বিতীয় দিনের ফরমাল সেশন শেষে 'DAAD Scholarship' এর আবেদন নির্দেশিকা ও প্রস্তুতি কৌশল নিয়ে আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র বিষয়ক পরিচালক ও বর্তমানে নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। এ ছাড়া 'MEXT Scholarship' নিয়ে আবেদন নির্দেশিকা ও প্রস্তুতি কৌশল তুলে ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ তারেক বিন সালাম।
দুই দিনব্যাপী এ ফেস্টিভ্যালে যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান ও ইউরোপের বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে আবেদন প্রক্রিয়া, প্রস্তুতি ও প্রয়োজনীয় কৌশল নিয়ে আলোচনা করা হয়। ফেস্টিভ্যালে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।