ডেস্ক :
খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান মমি (২৩) ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। আজ বুধবার (২৬ আগস্ট) সকাল ৬টা ৫০ মিনিটে খুলনার দৌলতপুর থানাধীন দত্তবাড়ি ৫ নম্বর ওয়ার্ডের তরুণ সেনা রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।র্যাব-৬ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল দত্তবাড়ি এলাকার জাফর শেখের টিনশেড ভাড়াটে শিপর সরদারের ঘরে অভিযান চালায়। সেখান থেকে খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মৃত শামীম জমাদ্দারের ছেলে মো. মেহেদী হাসান মমি (২৩), নাসির উদ্দিনের ছেলে জামিল হোসেন (৩০) এবং বিমল রায়ের ছেলে সুজয় রায় (২৫)। তবে র্যাবের বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে একজনের নাম উল্লেখ করা হয়নি।র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের পিসি-পিআর পর্যালোচনা করে দেখা গেছে, খুলনা মহানগরীর বিভিন্ন থানায় মমিসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা, চুরিসহ একাধিক মামলা রয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের কেএমপি, খুলনার দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব-৬।