ডেস্ক :
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নি'হ'ত নয়জনের মধ্যে আটজন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। নিহতদের কেউই পুড়ে মা'রা যাননি; ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যে জানা গেছে। জরুরি নির্গমন পথের গেটে তালা দেওয়া ছিল বলেও অভিযোগ উঠেছে।বুধবার (১৯ আগস্ট) রাত আড়াইটার দিকে মির্জা গালিব স্ট্রিটের মোর ডিপার্টমেন্টাল স্টোরের ওপরের আবাসিক হোটেলটিতে আগুন লাগে। পরে অন্তত ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়। আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুই নারী ও এক শিশু রয়েছে। নিহত নয়জনের একজন ভারতীয় এবং বাকি আটজন বাংলাদেশি বলে জানা গেছে। হোটেলটি কলকাতা নিউ মার্কেটের কাছে হওয়ায় চিকিৎসা ও ব্যবসার কাজে বাংলাদেশিদের কাছে এলাকাটি অত্যন্ত পরিচিত।প্রাথমিকভাবে এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে দমকল কর্তৃপক্ষ। ঘটনাস্থলের পাশেই কলকাতা দমকলের সদর দপ্তর অবস্থিত।নিহতদের পরিচয় যাচাই ও ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তাদের নাম-পরিচয় জানানো হবে বলে স্থানীয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।