নিজস্ব প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরকোলা গ্রামে একটি বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ৪ আগস্ট স্থানীয় বাসিন্দাদের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।নিহতরা হলেন—চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলীর স্ত্রী মনিরা বেগম (৫২), তার ছেলে আহাদ হাওলাদার (২৫) এবং মনিরা বেগমের মা রাশিদা বেগম (৮৫)। রাশিদা বেগম বাগেরহাট সদর উপজেলার বৃষ্টিপুর গ্রামের বাসিন্দা ছিলেন। কয়েকদিন আগে তিনি মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন ধরে বাড়িটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি প্রতিবেশীদের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে তিনজনের গলিত মরদেহ দেখতে পায়।পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি কয়েক দিন আগেই সংঘটিত হয়েছে।খবর পেয়ে কচুয়া থানা পুলিশের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে যান। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ জানিয়েছে, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।