স্টাফ রিপোর্টার , খুলনা:
ডুমুরিয়ায় দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে এক যুবদল ও পূজা উদযাপন ফ্রন্ট নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া সংবাদ প্রচার করা হয়েছে এমন অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার আমভিটা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক নিলোৎপল মন্ডল নিলয়।লিখিত বক্তব্যে তিনি নিজেকে জনপ্রিয় ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দাবি করে বলেন,আমভিটা বাজারের পিছনে পতিত জায়গায় প্রকাশ নামে এক ব্যক্তি অস্থায়ী ভাবে মুর্তি প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করে আসছিল।তার মৃত্যুর পর অন্যত্র প্রকাশ সাধু নামে একটি স্থায়ী মন্দির করা হয়।ফলে পূর্বের মন্দিরটি অবহেলিত হয়ে পড়ে। যে কারণে সম্প্রতি প্রকাশের ছেলে দিবা মন্ডল ওই জমিতে ঘর নির্মাণ করে ভাড়া দেয়ার উদ্দেশ্যে কাজ শুরু করে। এমতাবস্থায় থুকড়া এলাকার জনৈক ফিরোজ নামের এক ব্যক্তি ঘটনাস্থলে এসে ভিডিও ধারণ করে এবং দিবা মন্ডলের কাছে টাকার দাবি করে।দিবা মন্ডল তখন আমার সাথে কথা বলতে বলে। এরপর ফিরোজ আমার সাথে দেখা করে মোটা অংকের টাকা দাবি করলে আমি দিতে অস্বীকৃতি জানাই। এরপর নিউজ ২৬ নামে একটি আইডি থেকে আমার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালায়।এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপপ্রচার কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন রংপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।এরা হলেন বীরেশ্বর মন্ডল, মোঃ সেলিম মোড়ল,ওসমান আলী মোল্লা, শিমুল শেখ,নিতাই মন্ডল, চন্দনা বিশ্বাস,রাব্বি ফকির,অনিক শেখ, মান্না সরদার, তুষার মল্লিক, সৈকত হালদার ও শংকর মন্ডল।